পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন আইনে বন্যপ্রাণী হত্যা অপরাধের মামলায় জামিনের সুযোগ থাকছে না। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে। মেছো বিড়ালকে শুধু শুধুই মেছোবাঘ বলি, অযথাই ইনোসেন্ট এ প্রাণীকে মেরে ফেলি। এমনকি ভিডিও রেকর্ড করে নেটে ছেড়ে দেই। আমাদের আচরণগত পরিবর্তন আনতে হবে। রিজওয়ানা হাসান বলেন, একটি প্রাণী অস্তিত্বের সঙ্গে অন্যটির অস্তিত্ব সম্পর্কযুক্ত। মনস্তাত্ত্বিক পরিবর্তন না এলে প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব নয় বলেও জানান তিনি।
তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য নেটওয়ার্ক অব ভলানটিয়ার্স লাগবে। যেসব সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, তাদের নিয়ে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক করতে চাচ্ছি। বন্যপ্রাণী ইউনিট খুলতে পারলে বন বিভাগ নিজেরা না করে অন্যান্য স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কাজ অনেকদূর এগিয়ে নিতে পারবে।